বরগুনায় চেয়ারম্যানকে কুপিয়ে আহত করার প্রতিবাদে আন্ত:সড়কে শ্রমিকদের অনিদির্ষ্টকালের বাস ধর্মঘট চলছে

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বেতাগীর সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা ইমাম হাসান শিপন জমাদ্দারকে প্রকাশ্যে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করার প্রতিবাদে শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে আন্তঃসড়ক গুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে। বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিকরা এ ধর্মঘট পালন করছেন।

এতে বরগুনা -আমতলী, বরগুনা- বেতাগী, বরগুনা – নিয়ামতী -বরিশালের সাথে সারা বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে বাস শ্রমিকরা শনিবার সকাল দশটায় শহরের টাউনহল মোড়ে মানববন্ধন কর্মসূচী পালিত করেন । জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শাহাবুদ্দিন সাবু।

এ বিষয়ে শাহাবুদ্দিন সাবু বলেন, যতক্ষন পর্যন্ত এ হামলাকারীদের খুজে বের করে আইনের আওতায় এনে বিচার না করা হবে, ততক্ষন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বেতাগীর কালিকাবাড়ী বাজারে এ হামলার ঘটনাটি ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ হামলার ঘটনায় জড়িত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।