বেতাগীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম: আটক ২, বিক্ষোভ অব্যাহত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনায় সন্দেহমূলক দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত দুইজন হলো দক্ষিন ভোরার বাসিন্দা আবদুল রশিদ আকনের ছেলে মো. রফিক (৩৫) ও উত্তর ভোরার বাসিন্দা মৃত আবদুল আজিজ হাওলাদারের ছেলে আবু তালেব(৩৫)।

বেতাগী থানা পুলিশ বলছে- ঘটনায় জড়িত মূলহোতাদের অনতিবিলম্বে গ্রেফতার করা হবে। এদিকে, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে পৌরশহরসহ বেতাগী উপজেলা পরিষদের সামনে রবিবার (২২ নভেম্বর) সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বেতাগী উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্বজনরা উপস্থিত ছিলেন। এছাড়া ২১ নভেম্বর সকালে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর উদ্যোগে বরগুনা টাউন হল মোড় ও প্রেসক্লাব চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। এতে পুরো জেলাব্যাপি আন্তবাস চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবি ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখবেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে সরিষামুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শিপন জোমাদ্দারকে কুপিয়ে গুরুতর জখম করে একই এলাকার সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ শরিফের সমর্থকরা। এমনটাই অভিযোগ বর্তমান চেয়ারম্যান গুরতর আহত শিপন জোমাদ্দরের স্বজনদের। ঘটনার সময় ইউপি চেয়ারম্যান একাই ছিল যার ফলে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে গুরতর আহত হন তিনি।

ইতোমধ্যে সন্দেহমূলক দুইনকে আটক করা হয়েছে জানিয়ে বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ইউপি চেয়রম্যানের ওপর হামলার পরপরই জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।