দেশে করোনায় আরও ২৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২১ ও নারী সাতজন। এতে করে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৪১৬ জনে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ২৪০টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন রোগী শনাক্ত হয় দুই হাজার ৪১৯ জন। মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাড়ায় চার লাখ ৪৯ হাজার ৭৬০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১৮৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ৬৪ হাজার ৪১১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮১ দশমিক শূন্য ৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৯৩০ জন (৭৬ দশমিক ৮৪ শতাংশ) ও নারী এক হাজার ৪৮৬ জন (২৩ দশমিক শূন্য ১৬ শতাংশ)।