পাথরঘাটায় ডাকাতির ঘটনায় আটক ৯

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সন্দেহভজন জেলেদেরকে সোমবার বেলা ২টার দিকে পাথরঘাটা থানায় সোপার্দ করা হয়েছে।

ট্রলার মালিক হালিম বিশ্বাস জানান, ১০ নভেম্বর বঙ্গোপসাগরের ফেয়ার ওয়ে বয়ার এলাকায় আমার একটি মাছ ধরার ট্রলারে ডাকাতি করে। এ সময় ডাকাতরা মাছ ধরার সরঞ্জামাদিসহ নিয়ে যায় ও জেলেদের মারধর করে। এ সময় জেলেরা ডাকাতের ট্রলারটি চিনে ফেলে। পরে পাথরঘাটা থানায় এসে মামলা করলে পাথরঘাটার রিপন দফাদারের মালিকানাধীন এফবি সোহেল সুমি নামের ট্রলারটিসহ ৯ জেলেকে আটক করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলো ট্রলারের মাঝি ইব্রাহিম, রাসেল, মিরাজ, বেলাল, সাহজাহান, আল আমিন, ইয়াসিন, মিরাজ ও মঞ্জু মিয়া। এদের সকলের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাঈদ আহমেদ জানান, ঘটনার সময় লুন্ঠিত তেলের ড্রামসহ বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এর সাথে আরো কয়েকজন জরিত আছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।