র‌্যাব-৮ এর অভিযানে জেএমবি সদস্য গ্রেফতার

রূপালী বার্তা।।
ফরিদপুর কোতয়ালী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্য মোঃ নীরব হাসান রুবেলকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮।

র‌্যাব জানায়, র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দাওয়াতি শাখার সক্রিয় সদস্য নীরব হাসান রুবেল (২৭) কে গ্রেফতার করে। রুবেল ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের
দেলোয়ার শেখ এর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। এ সময় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

র‌্যাব আরো জানায়, নীরব হাসান রুবেল এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।