একটি মামলায় জামিন পেলেন ফটোসাংবাদিক কাজল

গণমাধ্যম ডেস্ক।।
রাজধানীর শেরে বাংলা নগর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় ফ‌টোসাংবা‌দিক শ‌ফিকুল ইসলাম কাজ‌লের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আগামী ১৫ ডিসেম্বর বাকী দুটি মামলার শুনানির দিন ধার্য করে আদেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ মঙ্গলবার (২৪ নভেম্বর) এ আদেশ দেন।

কাজলের জামিন আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, শফিকুল ইসলাম কাজলকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে আরও দুটি মামলার শুনানির জন্য ১৫ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে।

গত ৯ মার্চ রাজধানীর শেরে বাংলা নগর থানায় কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। এরপর দুই মাস নিখোঁজ ছিলেন কাজল। পরে তাকে যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করে বিজিবি। এরপর থেকে কারাগারে আছেন শফিকুল ইসলাম কাজল।