ঝালকাঠির অভ্যন্তরীণ ১০ রুটে বাস চলাচল বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠিতে বাস মালিককে মারধরের প্রতিবাদ এবং মহাসড়কে থ্রি-হুইলার গাড়ি চলাচল বন্ধের দাবিতে অভ্যন্তরীণ ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস ও মিনিবাস মালিক সমিতি।

বুধবার (০২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাহিন্দ্রা চালকরা তাকে মারধর করে।

এ ঘটনার প্রতিবাদে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন জরুরি সভা ডেকে মাহিন্দ্রা, সিএনজি, অটোরিকশাসহ থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে অনির্দিষ্টকালের এ কর্মসূচির ঘোষণা দেয়।

এতে ঝালকাঠি থেকে বরিশাল, পিরোজপুর, ভান্ডারিয়া, কাঠালিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটাসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করায় চরম দুর্ভোগে পড়েছেন এ সব রুটে যাতায়াতকারী হাজারো যাত্রী।

বাস চলাচল স্বাভাবিক রাখতে দুপুরে জেলা পুলিশের কর্মকর্তারা মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলে মালিক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, ঝালকাঠি-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার মাহিদ্রা গাড়ি চলাচল নিষিদ্ধ করা হলেও ঝালকাঠিতে এ গাড়িগুলো চলাচল করছে। মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।