হারুন অর রশিদ হত্যার বিচারের দাবিতে নলছিটিতে মানববন্ধন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।।
ঢাকার ট্যাক্সিচালক হারুন অর রশিদকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদার, মোঃ মোশারফ হাওলাদার ও নিহত হারুন-অর-রশিদের দুই ভাই মোঃ সোহাগ হাওলাদার ও রিপন হাওলাদার।

নিহত হারুন-অর-রশিদ হাওলাদার দুই ভাই তার বক্তব্যে বলেন, আমাদের পূর্ব শত্রুরা গত ২৪ নভেম্বর আমার ভাইকে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নেয় এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আমরা তাদের দাবি অনুযায়ী দুই দফায় ৪৫ হাজার টাকা মুক্তিপণ দিয়েও ওরা আমার ভাইকে ছাড়েনি। পরদিন ২৫ নভেম্বর মধ্যরাতে নিখোঁজ হওয়া ভাইকে সারুলিয়া ডেমরা বাঁশেরপোল খালের পাড় থেকে লাকেজ ভর্তি অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ডেমরা থানা পুলিশ অজ্ঞাত নামা কয়েক জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৪৩। বাদীপক্ষের তথ্য অনুযায়ী ফোন কল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ এখন পর্যন্ত তিনজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

সন্ত্রাসীদের হাতে নিহত হারুন-অর-রশিদ ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা গ্রামের সইজুদ্দিন হালদার এর ছেলে।