দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১২ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৩২ জনের এবং বাড়িতে মারা গেছেন চারজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৮৭৪ জনে।

করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ১৯৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৭৯ হাজার ৭৪৩ জনে। বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৬৩ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৮হাজার ৬২৩ জনে।

সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের পুরুষ পাঁচ হাজার ২৫৫ জন (৭৬ দশমিক ৪৫ শতাংশ) এবং নারী এক হাজার ৬১৯ জন (২৩ দশমিক শূন্য ৫৫ শতাংশ)।