ভারতে করোনা টিকার দাম হতে পারে ২৫০ রুপি

আন্তর্জাতিক ডেস্ক।।
দুনিয়ার সবচেয়ে বেশি পরিমাণ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) সঙ্গে করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি করতে যাচ্ছে ভারত সরকার। ওই চুক্তির বিষয়ে অবগত সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, চুক্তিতে করোনার প্রতিডোজ টিকার দাম রাখা হতে পারে ২৫০ রুপি।

ভারতে অ্যাস্ট্রজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমতি চেয়ে সোমবার আবেদন করেছে সেরাম ইনস্টিটিউট। ওই সময়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা জানিয়েছিলেন ভারতের বেসরকারি বাজারে প্রতি ডোজ টিকার দাম পড়তে পারে প্রায় এক হাজার রুপি। তবে সরকার এক সঙ্গে বেশি পরিমাণ কেনায় তাদের দাম কিছুটা কম পড়তে পারে বলে জানান তিনি।

সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনেওয়ালা জানান, তার প্রতিষ্ঠান অন্য দেশে টিকা সরবরাহের আগে ভারতে সরবরাহ করার ওপর বেশি গুরুত্ব দেবে।

ভারতে এখন পর্যন্ত প্রায় ৯৭ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পর এই মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্তের দেশ এখন ভারত। এমন পরিস্থিতে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ার বিষয়টি পর্যালোচনা করছে ভারতীয় কর্তৃপক্ষ। সোমবার দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পর্যালোচনার শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।