বেড়েছে এভারেস্টের প্রকৃত উচ্চতা

আন্তর্জাতিক ডেস্ক।।
বদলে গিয়েছে মাউন্ট এভারেস্টের উচ্চতা। বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত তা নিয়ে বেশ কয়েক বছর ধরেই মতবিরোধ চলছিল নেপাল ও চীনের। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এক সাংবাদিক বৈঠকে নেপাল সরকার ঘোষণা করে যে, সম্প্রতি মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়ে গিয়েছে। বর্তমানে এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার। তার মানে, .৮৬ মিটার বেড়েছে এভারেস্টের।

এদিন নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা বেড়েছে। ১৯৫৪ সালে সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষায় উঠে এসেছিল এভারেস্টের সাম্প্রতিকালের উচ্চতা।
সেইসময় জানা যায়, এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৮মিটার। ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পের পর নেপাল সরকার পক্ষ থেকে জানানো হয়, এর জেরে এভারেস্টের উচ্চতা বেড়ে গিয়েছে। এরপর থেকে নেপাল চীনের সঙ্গে চুক্তি করে শৃঙ্গের উচ্চতা মাপার জন্য একটি দল পাঠায়। ২০১৯ সালে কাঠমাণ্ডু ও বেজিংয়ের যৌথ প্রচেষ্টার কথা ঘোষণা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, চীনের রাষ্ট্রপতি শি জেনপিং নেপাল সফরের সময়ই ওই চুক্তিকে সাক্ষর করেন। এর আগে ১৯৭৫ ও ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা প্রকাশ করেছিল চীন। সেই দু-বার চীনের হিসেবে এভারেস্টের উচ্চতা ছিল আট হাজার ৮৪৮.১৩ মিটার এবং আট হাজার ৮৪৪.৪৩ মিটার। তিব্বতি ভাষায় মাউন্ট এভারেস্টের নাম মাউন্ট কুয়োমোলাঙ্গমা।

বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সালে ভয়ঙ্কর ভূমিম্পের পরই সমগ্র হিমালয় পর্বতমালায় বিপুল পরিবর্তন আসে। সেই সময় বিশেষজ্ঞরা দাবি করেছিলেন যে ওই ভূমিকম্পের জেরে বদল আসতে পারে হিমালয়ের পর্বতশৃঙ্গগুলোর উচ্চতা।

১৮৪৯ সালে এভারেস্টের উচ্চতা মাপার প্রথম কাজ শুরু হয়। তারপর ছয় বছর ধরে সেই কাজ চলার পর এভারেস্টের উচ্চতা ২৭ হাজার ২ ফুট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই উচ্চতা মাপার নেতৃত্বে ছিলেন বাঙালি গণিতজ্ঞ রাধানাথ শিকদার। সূত্র-এই সময়।