যুক্তরাষ্ট্রে প্রথম টিকা নিলেন এক কৃষ্ণাঙ্গ নার্স

আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস টিকাদান কর্মসূচি চলছে। শুরুর পূর্ব নির্ধারিত দিন সোমবার প্রথম এক কৃষ্ণাঙ্গ নার্সকে টিকা দেওয়া হয়েছে। নিউইয়র্কের কুইন্সে লং আইল্যান্ড জুইশ মেডিকেল সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

টিকা নিয়ে নার্স সান্দ্রা লিন্ডসে বলেছেন, আমার মনে হচ্ছে নিরাময় এসেছে। এই টিকা নেওয়াটা অন্য কোনো টিকার চেয়ে আলাদা কিছু মনে হয়নি। কোনো যন্ত্রণাও অনুভব করিনি। আশা করি এটি আমাদের ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক এই সময়ের আবসান টানবে। খবর বিবিসির

সোমবার নার্স লিন্ডসেকে টিকা দেওয়ার মুহূর্তটি ভিডিও করা হয়। তা সরাসরি নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর টুইটারে পোস্ট করা হয়।

যুক্তরাষ্ট্রে প্রথম দফা সংক্রমণের সময় নিউইয়র্ক দেশটির মহামারির উপকেন্দ্র হয়ে উঠেছিল। তাই সেই জায়গাতেই প্রথম টিকার যাত্রা। এতে আনন্দিত অঙ্গরাজ্যটির গভর্নর অ্যান্ড্রু কুমো। অবশ্য রাজনৈতিক কারণে প্রেসিডেন্ট নির্বাচনের পর নিউইয়র্কে টিকা না দেওয়া নিয়ে একবার মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

টিকার আনন্দে অ্যান্ড্রু কুমো বলেন, এই টিকা মানবতাকে অশুভ শক্তির আক্রমণের রক্ষাকবচ। এর মধ্য দিয়ে করোনাভাইরাস-বিরোধী যুদ্ধের সফল সমাপ্তি হবে।

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জরুরি ব্যবহারের জন্য ফাইজার ও এর পার্টনার বায়োএনটেকের করোনাভাইরাস টিকা অনুমোদন দেয়। এরমধ্যে সোমবারই টিকার ৩০ লাখ ডোজ দেশজুড়ে বিতরণ করা হয়েছে।

বিবিসির খবর, সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৫০টি হাসপাতাল এই টিকা পেয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের টিকাদান প্রকল্পে আগামী এপ্রিলের মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।