রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়ার একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে চলাফেরায় অক্ষম ১১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৩টার দিকে উরাল পবর্তমালা এলাকার ওই বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বৃদ্ধাশ্রমটি বাশকোর্তোস্তান অঞ্চলের ইশবুলদিনা গ্রামে অবস্থিত। অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে চলাফেরায় অক্ষম বৃদ্ধ ব্যক্তিরা অসহায় হয়ে পড়েন। ভেতরে আটকা পড়েন তারা। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঝরে যায় ১১টি প্রাণ।

এরই মধ্যে এ ঘটনায় তদন্ত শুরুর কথা জানিয়েছে রাশিয়ার তদন্তকারী সংস্থা।

জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিনির্বাপন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে চার ব্যক্তি সেখান থেকে বেরুতে সমর্থ হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই চার জনের মধ্যে একজন সেখানকার এক নারী কর্মী। ওই নারী বৃদ্ধাশ্রমটির তিন বাসিন্দাকেও তার সঙ্গে করে নিয়ে আসেন।