বেতাগী পৌরসভা নির্বাচন: রাজনৈতিক প্রচারণায় শিশুরা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
রাজনৈতিক প্রচারণায় অপ্রাপ্ত বয়াস্কদের ব্যবহার নিষিদ্ধ থাকলেও তা মানছেন না বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করা প্রার্থীরা। প্রার্থীরা খাবার কিংবা সামান্য টাকার লোভ দেখিয়ে আইন ভেঙ্গে এসব কর্মকান্ড লিপ্ত করছেন শিশুদের। পোষ্টার টাঙানো ও লিফলেট বিতরণ পর্যন্ত করছেন শিশুরা। তবে প্রার্থীদের দাবী তারা কাউকে প্রলোভন দেখায়নি বরং অতি উৎসাহীত হয়ে শিশুরা এসব করছেন। তবে এসব ক্ষেত্রে প্রশাসণের কোন ধরনের আইনি পদক্ষেপ নেই বললেই চলে।

গতকাল বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা গেল সর্মথকদের পোস্টার লাগাচ্ছেন শিশুরা। ব্যস্ত সময় পার করছেন শিশুরাও। পোস্টারে ঢেকে গেছে পুরো পৌর এলাকা।পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে ২৮ ডিসেম্বর বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার ফলে প্রতিটি ওয়ার্ডের চায়ের দোকানগুলোতে বসছে ভোটারদের নিয়ে জল্পনা কল্পনা এবং জমে উঠেছে নির্বাচনী আড্ডা। কেউ কেউ ব্যস্ত প্রার্থীর সাথে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনায় । কোথাও আলাপ আলোচনা হচ্ছে প্রার্থীর দোষ গুন এবং বিগত দিনগুলো ভোটারদের মধ্যে আচারণ নিয়ে। বিগত দিনে কে কতটুকু উন্নয়নমূলক কাজ করছেন সবই আলোচনা হচ্ছে। পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ।

জানা যায়, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১১ ডিসেম্বর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছে। নিয়মানুসারে প্রতীক বরাদ্দ পরপরই প্রাথীরা প্রচার প্রচারনা শুরু করেছেন। ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কোন কোন প্রার্থী গরিব ভোটারদের আর্থিক সাহায্য করছেন। এছাড়াও মসজিদ ও মন্দিরগুলোর উন্নয়নে সাহায্যে করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণির পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২৭৭ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম বলেন,শিশুদের পোষ্টার লাগানো বিষয়টি খতিয়ে দেখে নির্বাচনী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।