তজুমদ্দিনে ঘরের সবাই অচেতন: স্বর্ণালংকার লুট, আহত ৭

তজুমদ্দিন প্রতিনিধি॥
ভোলার তজুমদ্দিনে রাতের খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়ে ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। এ ঘটনায় একই পরিবারের ৭ জন খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে ৫ জনকে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সুত্রে জানা যায়, বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের তরফআলী পাটওয়ারী বাড়ির ফজলে এলাহির ঘরে রাতের খাবারের সাথে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেন। পরে রাত ১১ টার দিকে পরিবারের সবাই এক সাথে খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে দুষ্কৃতিকারীরা ঘরে ডুকে নগদ ৬৭ হাজার টাকা, স্বর্ণের চেইন ২টা, কানের জিনিস ২ জোড়া, এন্ড্রোয়েড মোবাইল সেট ৩টা, বাটনসেট ১টাসহ ঘরের মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ওই পরিবারের ৭ সদস্যের সবাই অচেতন হয়ে পড়েন।

তারা হলেন, ফজলে এলাহি (৬০), মিনারা বেগম (৫০), ভূট্টো (২৫), ছোটন (৩০), জিসা (১০), নাসিমা বেগম (২৫) ও জোসনা বেগম (২০)।

পরে সকালে পাশ্ববর্তী লোকজন তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ৫জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

জুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, ঘটনা শুনার পর হাসপাতালে ফোর্স পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।