নেশাখোর চেলের রডের আঘাতে প্রাণ হারালেন মা

অনলাইন ডেস্ক।।
নরসিংদীর পলাশে নেশার টাকা না দেওয়ায় পুত্রের লোহার রডের আঘাতে আহত মা খোদেজা বেগম (৬০) দীর্ঘ দশদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। নিহত খোদেজা পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী।

অভিযুক্ত খোরশেদের ভাই মোরশেদ জানায়, গত ৬ ডিসেম্বর রাতে আমার ভাই খোরশেদ মিয়া (৪৫) আমার মা খোদেজা বেগমের কাছে টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার ভাই মায়ের ওপর চড়াও হয়। পরে ক্ষিপ্ত হয়ে নিজের ও প্রতিবেশীর খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এ সময় মা বাধা দিতে গেলে মাকে লোহার রড নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে খোরশেদ পালিয়ে যায়। এরপর স্থানীয়রা মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মায়ের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে দীর্ঘ দশদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার রাতে মা মৃত্যু বরণ করেন।

স্থানীয়রা জানায়, ঘাতক খোশেদ একজন নেশাগ্রস্ত, মাতাল। এলাকাবাসীর ধারণা, নেশার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে খোশেদ। খোরশেদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন তার পারিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে পলাশ থানার ওসি তদন্ত মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় গত ৮ ডিসেম্বর অভিযুক্ত খোরশেদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছিল। যেহেতু ছেলে খোরশেদের আঘাতে তার মা খোদেজা বেগম মৃত্যু বরণ করেছে। তাই তার বিরুদ্ধে হত্যা মামলা অন্তর্ভুক্ত করা হবে।