বাস খাদে পড়ে চালক নিহত, আহত ১০

অনলাইন ডেস্ক।।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক জাহাঙ্গীর হাওলাদার (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ যাত্রী।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা চৌকিদারকান্দী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হাওলাদার জেলার নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের নিহত আমজাদ হাওলাদারের ছেলে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, দুপুরে জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট থেকে হাওলাদার পরিবহন নামে যাত্রীবাহী একটি সিটিং বাস (ঢাকা মেট্রো-জ ১১-৩১১৩) প্রায় ৩০ জন যাত্রী নিয়ে শরীয়তপুর শহরের উদ্দেশে ছেড়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে।

ওসি জানান, আহতদের মধ্যে সৌরভ (১৫), আউয়াল (৩৫), রোকসানা (৪৫), বাবুল মিয়া (৩৫), হারুন শিকদার (৪০) ও সেলিনা আক্তারকে (৩৫) উদ্ধার করে জাজিরা উজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সৌরভ ও আউয়ালকে ঢাকায় পাঠানো হয়েছে।