‘বাংলাদেশের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক’

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।এ সম্পর্ক কখনো ভোলার নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে জীবন উৎসর্গকারী মিত্রবাহিনীর অর্ধশতাধিক শহীদ স্মরণে নির্মাণ করা হয়েছে ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ নামের একটি স্মৃতিস্তম্ভ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের উপস্থিতিতে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধনের পর এ মন্তব্য করেন তিনি।

হাইকমিশনার বলেন, মুক্তিযুদ্ধে জীবন দানকারীদের মুক্তিবাহিনী ও ভারতীয় সৈন্যদের স্মরণার্থে যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে তা সত্যিই সম্মানের। হাতে হাত রেখে ভারতীয় সৈন্য ও মুক্তিবাহিনী যুদ্ধ করেছিল। যার কারণে পাকহানাদার বাহিনীকে হারিয়ে এই বিজয় অর্জন করা সম্ভব হয়েছিল।

মৃত্যুঞ্জয়ী মিত্র নির্মাণে ৩০ লাখ টাকার অর্থায়ন করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের আবদুস সালামের দাবি, তাদের কাছে থাকা তথ্যে মিত্রবাহিনীর শহীদদের স্মরণে দেশে নির্মিত এটিই প্রথম ভাস্কর্য।

স্মৃতিস্তম্ভটি নির্মাণে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। চলতি বছরের মার্চে উদ্বোধন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা করা যায়নি।