বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মমতা!

আন্তর্জাতিক ডেস্ক।।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বভারতী কর্তৃপক্ষ চিঠি বা ফোনে তাকে কোনো আমন্ত্রণ জানায়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘কে ডাকল? কখন ডাকল? আমি কোনো আমন্ত্রণ পাইনি। না পেয়েছি চিঠি, না পেয়েছি ফোন।’

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কেন্দ্রীয় সরকার ও বিজেপি অসম্মান করছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘অমর্ত্যবাবুর অমর্যাদা আমরা হতে দেব না।’

বিশ্বভারতীয় শিক্ষার পরিবেশ বজায় রাখার কথা ও পৌষমেলা বন্ধের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘শান্তি থাকবে, পড়াশোনার পরিবেশ থাকবে, পৌষমেলাও থাকবে।’

সংবাদ সম্মেলনে পূর্ব মেদিনীপুরের তাজপুরে নতুন বন্দর গড়ার প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘ওই প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা লগ্নি হবে। কর্মসংস্থান হবে ২৫ হাজার মানুষের।’

সিঙ্গুরের প্রসঙ্গ তুলে তার মন্তব্য, ‘আমরা কৃষকদের জমি ফেরত দিয়েছি। অর্থসাহায্যের ব্যবস্থা করেছি।’

রাজ্যে নতুন শিল্প গড়তে কোথাও জমির কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। বলেন, ‘বাগডোগরায় বিমানবন্দর সম্প্রসারণের জন্য আমরা জমির ব্যবস্থা করেছি।’

বিশ্বভারতীয় আচার্য পদে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শতবর্ষ অনুষ্ঠানের আমন্ত্রণ-বিতর্ক তাই রাজনৈতিক মাত্রা পেয়েছে ইতোমধ্যেই। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, শতবর্ষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাননি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

তবে মমতাকে আমন্ত্রণ জানিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ৪ ডিসেম্বর লেখা চিঠির প্রতিলিপি সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে বিজেপি। বিজেপির অভিযোগ, বিশ্বভারতী কর্তৃপক্ষ আমন্ত্রণ জানালেও মমতা তা গ্রহণ করেননি।