সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন (৬৬) রাজনীতিবিদ, সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মীদের ফুলেল শ্রদ্ধা আর অশ্রুতে সিক্ত হয়ে বিদায় নিলেন। বর্ষিয়ান এ রাজনীতিবিদ শায়িত হলেন জন্মস্থান গলাচিপার গজালিয়া ইউনিয়নের ইছাদী গ্রামের পারিবারিক গোরস্থানে। গ্রামের বাড়ি চতুর্থ জানাজা শেষে তাঁর বাবা মায়ের পাশে শায়িত হয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকার মিরপুরে প্রথম জানাজা শেষে বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে আখম জাহাঙ্গীরের মরদেহ আনা হয় দশমিনায়। সেখানে উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদাসহ দশমিনা উপজেলা প্রশাসন, দলীয় ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এর পর খম জাহাঙ্গীরের মরদেহ নিয়ে আসা হয় জন্মভূমি গলাচিপায়। গলাচিপা স্থানীয় আওয়ামী লীগ অফিসে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতা-কর্মী, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ । শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় হাইস্কুল খেলার মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর পর বাদ আছর উপজেলার ইছাদী গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে আখম জাহাঙ্গীরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শ্রদ্ধা জানাতে এসে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসম এম শাহজাদা বলেন, “খম জাহাঙ্গীরের শূণ্যতা পূরণ হওয়ার মতো নয়। তিনি আমার এবং এ এলাকার অভিভাবক ছিলেন। এলাকার সীমানা পেরিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন। তার পরেও আমি চেষ্টা করবো খম জাহাঙ্গীর গলাচিপা-দশমিনায় উন্নয়নের যে বীজ বপণ করেছিলেন সেই ধ্যান ধারণার তাঁর আদর্শ মতো আমরা এগিয়ে নিয়ে যাবো।”