কোহলি নেই, টেন্ডুলকারের বাজি রাহানে

স্পোর্টস ডেস্ক।।
ভারতের কঠিন দশা। অ্যাডিলেডের দিবারাত্রির টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে লজ্জার সাগরে ডুবেছে তারা। অস্ট্রেলিয়ায় ধরাশয়ী দলটি ঘুরে দাঁড়াতে আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে টেস্টে মাঠে নামবে, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সফরকারীরা পাচ্ছে না অধিনায়ক বিরাট কোহলিকে। তার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। এই পরিস্থিতিতে অধিনায়ক হিসেবে কঠিন পরীক্ষার সামনে তিনি। মেলবোর্ন টেস্টে নামার আগে অবশ্য এই ব্যাটসম্যান পাশে পাচ্ছেন শচীন টেন্ডুলকারকে।

অস্ট্রেলিয়ার সাবেক তারকা মার্ক ওয়াহ স্পষ্টই বলে দিয়েছেন, কোহলিহীন ভারতের ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতের হোয়াইটওয়াশ হওয়ার ভবিষ্যদ্বাণী তার। তবে টেন্ডুলকার আশার আলো দেখছেন রাহানের ভারতে।

কোহলি ও রাহানে মাঠের ক্রিকেটে পুরো ভিন্ন চরিত্র। কোহলি যেমন আগ্রাসী, রাহানে তেমনি শান্ত স্বভাবের। ৩৬ রানে গুটিয়ে যাওয়ার ধ্বংসস্তুপ থেকে ভারতকে টেনে তুলতে ‘শান্ত’ রাহানে কতটা কার্যকরী হবেন, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও টেন্ডুলকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন। অধিনায়ক রাহানেতেই বাজি ধরলেন এই কিংবদন্তি।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক রাহানে প্রসঙ্গে বলেছেন, ‘আজিঙ্কা (রাহানে) এর আগেও ভারতকে নেতৃত্ব দিয়েছে। ওর শান্ত স্বভাবের অর্থ এই নয় যে, ও আগ্রাসী নয়। প্রত্যেক মানুষের তার নিজস্ব আগ্রাসী মনোভাব থাকে। কেউ যদি আগ্রাসী মনোভাব প্রকাশ না করে, তার মানে এই নয় যে, সে আগ্রাসী নয়।’

সেটা কেমন? তার উদাহরণ দিতে গিয়ে ভারতের আরেক ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে সামনে এনেছেন লিটল মাস্টার, ‘উদাহরণ হিসেবে বলা যায় পূজারার কথা। সে শান্ত ও ধৈর্য্যশীল, ওর ভাবভঙ্গি সবসময় খেলার মধ্যেই থাকে, ভীষণ মনোযোগী। তবে এটা বোঝায় না যে, পূজারা অন্য কারও চেয়ে কম চেষ্টা করে।’

সঙ্গে যোগ করেছেন, ‘প্রত্যেক মানুষই তার নিজস্ব ঢংয়ে চলে এবং পরিস্থিতি মোকাবিলা করে। আমি নিশ্চিত করে বলতে পারি, সবার লক্ষ্য একই, তারা হয়তো ভিন্ন পথ অবলম্বন করে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের জয় নিশ্চিত করাই তাদের একমাত্র লক্ষ্য।’

মেলবোর্নে ভারতের পারফরম্যান্স কেমন হবে, এ ব্যাপারে টেন্ডুলকারের অভিমত, ‘রাহানে হয়তো অন্য ধাঁচের, অন্য কৌশলের। কীভাবে খেলেবে, পিচের আচরণ কেমন হবে এবং আমাদের ব্যাটিং ও বোলিং লাইনআপ কেমন হবে- সেটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।’