বিভিন্ন এলাকায় এতিম শিশুদের মাঝে র‌্যাব-৮ এর খাদ্য বিতরণ

রূপালী বার্তা।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “র‌্যাব সেবা সপ্তাহ”(০১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচির মধ্যে শনিবার (০২ জানুয়ারি) (বরিশাল) র‌্যাব-৮ কর্তৃক এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।

এর মধ্যে বরিশাল সদর দক্ষিণ সাগরদী রুপাতলী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, সৈয়দ ফজলুল করিম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও রুপাতলী দারুদসুন্না কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মোট-২০০ জন, পটুয়াখালী জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদ্রাসায়-১০০ জন, ফরিদপুর তাইবাতুল কোরআন মাদ্রাসায়-১০০ জন ও মাদারীপুর জামিয়া কারীমিয়া আরাবিয়া এতিমখানা মাদ্রাসায়-১০০ জনসহ সর্বমোট ৫০০ জন এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাদ্য বিতরণ করা হয়।

এ সময় ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য পদবীর র‌্যাব সদস্যদের অংশগ্রহণে করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এতিম শিশুদের মাঝে এ খাদ্য বিতরণ কর্মসূচি করা হয়। খাবার পেয়ে সকল এতিম শিশু খুবই আনন্দিত হয়।

খাবার গ্রহণের পূর্বে অফিসার, ডিএডি ও অন্যান্য র‌্যাব সদস্য এবং এতিমখানা মাদ্রাসার মুহতামীম, ইমাম ও এতিম শিশুদের অংশগ্রহণে দুই হাত তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ও তাঁর শহিদ পরিবার বর্গের রুহের মাগফেরাত কামনা করা হয়। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উক্ত খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।