ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি পুলিশি বাধায় পন্ড, সভাপতি আটক

আরিফুর রহমান, মাদারীপুর।।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রদলের উদ্যোগে রোববার  (০৩ জানুয়ারি) সকালে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করলে ছত্রভঙ্গ করে দিয়েছে কালকিনি থানা পুলিশ। এ সময় কালকিনি উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাইকে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, সকাল ১০ টার দিকে কালকিনি উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সিকদার মো. মামুনের নেতৃত্বে উপজেলা দলীয় অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের করে উপজেলা সড়ক প্রদক্ষিণ সময় পুলিশের বাধায় র‌্যালিটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের সাথে ছাত্রদলের নেতা কর্মীদের ধস্তা-ধস্তি হয়। পুলিশ ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদল সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাইকে করে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধ বলেন, পুলিশের কাছ থেকে কোন অনুমতি না নিয়ে তারা প্রোগ্রাম করতেছিল। তাছাড়া সরকারি কাজে বাধা প্রদান করায় আমরা তাকে আটক করি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।