যার জন্য ইনস্টাগ্রামে এত জনপ্রিয় অঙ্কিতা

বিনোদন ডেস্ক।।
নতুন বছরে ভক্তদের চমকে দিলেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩ মিলিয়ন ছুঁলেন এ অভিনেত্রী। পার্পল শর্টড্রেসে ছবি পোস্ট করে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানালেন তিনি।

সবকিছুই ঠিকঠাক ছিলো। কিন্তু একদল নেটিজেনদের চোখে পড়তেই শুরু হয় ট্রল।

তাদের ভাষ্য, অঙ্কিতার জনপ্রিয়তার মূলে রয়েছেন তার সাবেক প্রেমিক সুশান্ত সিংহ রাজপুত। কেউ লিখেছেন, ‘সুশান্তের জন্য তোমার ৩ মিলিয়ন ফলোয়ার হয়েছে’, আবার অন্য একজন লিখেছেন, ‘তুমি শুধুমাত্র সুশান্তের সাবেক হিসাবেই বিখ্যাত। তুমি স্বীকার কর বা না কর, সুশান্তই তোমাকে এত জনপ্রিয় করেছে’। খবর জিনিউজের

এক দিকে যখন সুশান্তের প্রসঙ্গ তুলে চলছে অবিরত ট্রোলিং, অন্য দিকে অঙ্কিতার সমর্থনে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। অঙ্কিতাকে এ ধরনের নেতিবাচক মন্তব্য এড়িয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়ার উপদেশ দিয়েছেন তারা।

টেলিভিশন ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-এর সেট থেকে সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতার প্রেমের পথচলা শুরু। ‘ঝলক দিখলা যা’ নাচের মঞ্চে সুশান্ত অঙ্কিতাকে বিয়ের প্রস্তাব দেন। এদিকে অঙ্কিতাও হ্যাঁ বলতে দেরি করেননি। আজ এই প্রেম শুধুই স্মৃতি। তবে তাঁদের প্রেমের গভীরতার কথা বিটাউনে সবাই জানতেন। ছয় বছর একে অপরের সঙ্গে ভালোবাসায় মগ্ন ছিলেন তারা। একসঙ্গে এক ছাদের তলায় থাকতেন সুশান্ত ও অঙ্কিতা। শোনা যায়, সুশান্তের ক্যারিয়ারই তাদের ভালোবাসায় ফাটল ধরায়।