গোঁ-ধরে ভারত বলছে, গ্যাবায় খেলতে যাব না

স্পোর্টস ডেস্ক।।
হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট দল বিদ্রোহ করে বসেছে। নিজেদের বোর্ডের বিরুদ্ধে নয়, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। তারা সিরিজের শেষ টেস্ট খেলতে যাবেন না ব্রিসবেনে। একেবারেই গোঁ ধরে বসেছে তারা।

কিন্তু হঠাৎ এমন গোঁ ধরার কারণ কী? জানা গেছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রদেশে কোভিড-১৯ এর জন্য ভিন্ন ভিন্ন নিয়মনীতি চালু রয়েছে এবং কুইন্সল্যান্ড প্রদেশের অন্তর্গত গ্যাবায় সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে যে কঠোর নিয়মবিধি বলবৎ রয়েছে তাতে সেখানে গিয়ে ফের কঠোর কোয়ারেন্টাইনে প্রবেশ করতে হবে ভারতীয় ক্রিকেটারদের।

কুইন্সল্যান্ড প্রশাসন জানিয়েছে সিডনি থেকে যাওয়া দুই দেশের ক্রিকেট দলকেই গ্যাবায় প্রবেশ করে ১৪দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। অর্থাৎ, আইপিএল খেলে সিডনিতে পৌঁছনোর পর যেভাবে তাদের উপর ১৪ দিনের কোয়ারেন্টাইনের নীতি আরোপিত হয়েছিল, সেভাবে তাদের ফের কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪ দিন।

কিন্তু দ্বিতীয়বার হোটেলরুমে বন্দি থেকে কোয়ারেন্টাইনের দুঃসহ অভিজ্ঞতা নিতে চান না ভারতীয় ক্রিকেটাররা। তবে এখনও এ বিষয়ে অফিসিয়ালি ক্রিকেট অস্ট্রেলিয়াকে কিছু জানায়নি বিসিসিআই।

তবে ভারতীয় দলের এক সূত্রে দাবি করা হয়েছে, ‘আমরা দুবাইয়ে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকেছি। এরপর সিডনিতে এসেও একই জিনিস করেছি। অর্থাৎ, জৈব সুরক্ষা বলয়ে আমরা প্রায় একমাস কাটিয়েছি। কিন্তু এখানে সফর শেষেও একই কাজ করতে আমরা মোটেই ইচ্ছুক নই।’

সে কারণেই প্রয়োজনে সিডনিতেই তৃতীয় টেস্ট খেলে দেশে ফিরতে চায় টিম ইন্ডিয়া। নতুবা অন্য এমন কোনো শহরে খেলতে চায়, যেখানে কোয়ারেন্টাইনের বিধিনিষেধ নেই।

সে ক্ষেত্রে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টের জন্য সিডনি ক্রিকেট গ্রাউন্ডকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হতে পারে বলেও মনে করা হচ্ছে। কিন্তু বাস্তবে কী হবে তার উত্তর দেবে সময়।

তবে অস্ট্রেলিয়ানরা বলছে, ভারতকে গ্যাবায় গিয়েই খেলতে হবে। নিয়ম সবাইকেই একইভাবে মানতে হবে। এ নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্মকর্তাই নয়, সরকারের পক্ষ থেকেও জোর গলায় কথা বলা হচ্ছে।

এমনিতেই নতুন বছরের প্রথমদিন মেলবোর্নের রেস্তোরাঁয় খেতে যাওয়ার কারণে আইসোলেশনে পাঠানো হয়েছে রোহিত শর্মাসহ ৫ জন ভারতীয় ক্রিকেটারকে। শুধু তাই নয়, সেই রেস্তোরাঁয় রোহিত শর্মারা গরুর মাংশ খেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। যা নিয়ে তুমুল তোলপাড়।