দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৬ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৬৫০ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭০১টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৭২ হাজার ৪২৩টি।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৬১ হাজার ৫১৫ জন।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। শনিবার পর্যন্ত মোট মৃত্যু সাত হাজার ৬৫০ জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৮১৫ জন (৭৬ দশমিক শূন্য ১ শতাংশ) ও নারী এক হাজার ৮৩৫ জন (২৩ দশমিক শূন্য ৯৯ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে তিনজন ও খুলনা বিভাগে দুইজন রয়েছেন।