পেলেকে টপকালেন রোনালদো, নতুন ইতিহাসের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক।।
ক’দিন আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন আর্জেন্টইন কিংবদন্তি লিওনেল মেসি। এবার সর্বোচ্চ ‘অফিসিয়াল’ গোলকরার হিসেবে পেলেকে ছাড়িয়ে যাওয়ার কীর্তি গড়লেন জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হতে সাবেক ম্যানইউ, রিয়াল তারকার আর দরকার মাত্র দুই গোল।

রোববার (০৩ জানুয়ারি) রাতে লিগ ম্যাচে জুভেন্টাস ৪-১ গোলে জিতেছে উদিনেসের বিপক্ষে। দলের বড় ওই জয়ের ম্যাচে জোড়া গোল করেন সিআরসেভেন। ছাড়িয়ে যান পেলেকে। সব ধরনের ফুটবল মিলিয়ে পেলে গোল করেছেন ৭৫৭ টি। রোনালদো তার চেয়ে করে ফেলেছেন একটি বেশি গোল। তার ওপরে আছেন ১৯৩০ এর দশকের অস্ট্রিয়ান স্ট্রাইকার জোসেপ বিকান। যিনি অফিসিয়াল হিসেবে ৭৫৯ গোল করেছেন বলে জানা যায়।

বিকান ১৯৩৩ থেকে ১৯৫১ পর্যন্ত অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া এবং বহিমিয়া এন্ড মরিভিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন। তবে তিন দেশের হয়ে ৩৪ ম্যাচের বেশি খেলা হয়নি তার। আন্তর্জাতিক ফুটবলে তার ২৯ গোল করার হিসেব পাওয়া যায়। তবে ২৪ বছরের ক্লাব ক্যারিয়ারে তিনি অস্ট্রিয়ান ও চেকোস্লোভাকিয়ান লিগে ছয়টি ক্লাবের হয়ে লিগ ম্যাচে ৩৯৯ ম্যাচ খেলে করেছেন ৬১৬ গোল। যতটুকু হিসাব পাওয়া যায় সে অনুযায়ী, সব প্রতিযোগিতা মিলিয়ে গোলের সংখ্যাটা সাড়ে সাতশ’ ছাড়ানো।

ওদিকে পেলেও তার দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য গোল। তাদের গোলের রেকর্ড ভাঙার ক্ষেত্রে তাই ব্যবহার করা হচ্ছে অফিসিয়াল শব্দটি। কারণ মনে করা হয়, পেলে তার ক্যারিয়ারে সব মিলিয়ে এক হাজারের বেশি গোল করেছেন। এর আগে পেলে নিজেও সেই দাবি করেছেন। সে সময় এখনকার মতো করে সব গোল হিসেবে আনা সম্ভব হয়নি বলে মনে করা হয়। হিসেবে থাকা পেলের ওই গোলের সংখ্যা তাই ছাড়িয়ে গেলেন রোনালদো। এখন তার জোসেপ বিকানকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা। অপেক্ষ ইতিহাস গড়ার।