বামনায় যুবলীগ নেতার বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বামনা উপজেলায় বনভোজন করতে গিয়ে স্কুলশিক্ষিকার ছাগল চুরির অভিযোগ উঠেছে মো. সাজ্জাদ হোসেন মর্তুজা নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (০৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে ছাগলটি চুরি করে উপজেলার কলাগাছিয়া গ্রামের নিজ বাসার ছাদে জবাই করে বনভোজন করার সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ।

ছাগলের মালিক কাজী শাহানা ফেরদৌসী শিবলী একই গ্রামের সৈয়দ মুশফিকুল মান্নান কুতুবুল ইসলাম আকিলের স্ত্রী এবং বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা স্কুলের শিক্ষিকা।

এ ঘটনায় স্কুল শিক্ষিকা শাহনাজ ফেরদৌস শিবলী বাদী হয়ে বামনা থানায় ৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে বামনা থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে মাসুম হাওলাদার (২০) নামে একজনকে আটক করে। অভিযুক্ত সাজ্জাদ হোসেন মর্তুজা বামনা উপজেলা যুবলীগের সহ-সভাপতি। এছাড়া অপর ২ আসামি কলাগাছিয়া গ্রামের স্বপন হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (২০) ও নুরুল ইসলামের ছেলে সুমন (২০)।

বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা ঘটনাটিকে সালিশের মাধ্যমে মীমাংসার আশ্বাস দেন। তার আশ্বাসে বামনা থানা পুলিশ আটককৃত মো. মাসুম হাওলাদারকে মুচলেকা রেখে ছেড়ে দেয়।

বামনা থানার ওসি (তদন্ত) মো. আ. মান্নান ফরাজী বলেন, স্কুলশিক্ষিকা কাজী শাহানা ফেরদৌসী ছাগল চুরির অভিযোগ বামনা থানায় দায়ের করেন। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক এক আসামিকে আটক করি। পরে বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধাসহ স্থানীয় নেতার আশ্বাসে অভিযোগটি প্রত্যাহার করেন ওই স্কুলশিক্ষিকা।