মুলাদীতে কালভার্ট নির্মাণের ৪ বছরেও সংযোগ সড়ক না হওয়ায় এলাকাবাসীর চরম ভোগান্তি

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলায় চরকালেখান ইউনিয়নের একতারহাট সংলগ্ন খালের ওপর কালভার্ট নির্মাণ করার ৪ বছর অতিবাহিত হলেও সংযোগ সড়ক দেয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের মাঝামাঝি চরকালেখান একতারহাট সংলগ্ন খালের ওপর এলজিইজির তত্ত্বাবধানে কালভাট নির্মাণ করা হয়। কালভার্ট দিয়ে প্রতিদিন মোটরসাইকেল, স্কুল, কলেজের ছাত্র/ছাত্রী ও বাজারের লোকজন যাতায়াত করে। কালভার্ট নির্মাণের চার বছরেও কালভার্টের দুই পার্শ্বে সংযোগ সড়ক নির্মাণ হয়নি। স্থানীয়দের আর্থিক সহযোগিতায় কিছু কিছু মাটি দিয়ে ভরাট করলে ঝুঁকির মধ্যে দিয়ে চলাচল করছে। স্থানীয় লোকজন মাটি ভরাটের জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারদের কাছে দাবী জানালেও কেউ সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেননি।
এ ব্যাপারে ঠিকাদার নাহিদ হোসেন দিদার তালুকদার জানান সংযোগ সড়কের জন্য বরাদ্ধ না থাকায় তা নির্মাণ করা সম্ভব হয়নি। বিষয়টি উপজেলা এলজিইডি কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস জানান বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।