১২ বছরে দৈনিক কালের কণ্ঠ

গণমাধ্যম ডেস্ক।।
জাতিকে ‘আংশিক নয় পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি পথচলা শুরু করেছিল দৈনিক কালের কণ্ঠ। পাঠকের অব্যাহত আস্থা ও ভালোবাসায় রোববার (১০ জানুয়ারি) ১২ বছরে পদার্পণ করছে দেশের অন্যতম শীর্ষ এ দৈনিক।

প্রতি বছর জমকালো উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কালের কণ্ঠ। জন্মদিনের শুভেচ্ছা জানাতে নানা শ্রেণি-পেশার মানুষ আসতেন অনুষ্ঠানস্থলে। দেশের খ্যাতিমানদের পাশাপাশি কালের কণ্ঠ পরিবারের সদস্য ও পাঠক-শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হতো প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন। বর্তমান করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করছে পত্রিকাটি।

শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এ সময় কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, এডিটরিয়াল বোর্ড সদস্য এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সায়েম সোবহান আনভীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালের কণ্ঠ পরিবারের সদস্য ও পাঠক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

শুরু থেকেই কালের কণ্ঠ মুক্তিযুদ্ধের আদর্শের পতাকা বহন করে চলছে। গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও মুক্তবুদ্ধিচর্চার ক্ষেত্রে কালের কণ্ঠ তার স্বকীয় বৈশিষ্ট্য সমুজ্জ্বল রেখেছে। গণমানুষের কথা বলে, সমাজ ও দেশের সার্বিক কল্যাণ চিন্তার প্রতিফলন ঘটিয়েছে। যে কারণে পেয়েছে মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন। ফলে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সঙ্কটের মধ্যেও রয়েছে কালের কণ্ঠের নির্বিঘ্ন পথচলা।