পৌষের গরমের পর এবার তাপমাত্রা কমার পূর্বাভাস

অনলাইল ডেস্ক।।
পৌষের শেষে এসে তাপমাত্রা বেড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরেই গরম অনুভূত হচ্ছে। যে সময় সাধারণত শীতের প্রকোপে কেঁপে ওঠার কথা দেশ সে সময়ে গায়ে শীতের কাপড় পরার প্রয়োজনই পড়ছে না। এই অবস্থায় মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত থেকে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়াবিদরা।

এদিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে মধ্য জানুয়ারিতে একটি মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানানো হয়। সে হিসেবে এই তাপমাত্রা কমার মধ্য দিয়ে ধীরে ধীরে ১৩/১৪ জানুয়ারি থেকে দেশের উত্তরাঞ্চলের দিক থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আগামীকাল রাতের দিকে তাপমাত্রা ১/২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এরপর ১৩ বা ১৪ তারিখের দিকে আমরা মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে মনে করছি। তবে মাত্রা খুব তীব্র হবে না। মাঝারি ধরনের ওই শৈত্যপ্রবাহ মূলত উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের ওপর বেশি প্রভাব ফেলতে পারে।

সোমবার (১১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৮ দশমিক ৩, ময়মনসিংহে ১৫ দশমিক ৭, চট্টগ্রামে ১৯, সিলেটে ১৬ দশমিক ৩, রাজশাহীতে ১৫ দশমিক ১ , রংপুরে ১৫, খুলনায় ১৯ দশমিক ৫ এবং বরিশালে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।