আ.লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত-১

অনলাইন ডেস্ক।।
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে নগরীর ডবলমুরিং থানার ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম আজগর আলী বাবুল। এ ঘটনায় মাহবুব নামে গুলিবিদ্ধ এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক রাত ৯টার দিকে জানান, পাঠানটুলি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে রাত ৮টার দিকে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে দুইজন গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।