বাবা গেলেন নামাজ পড়তে, গলায় ফাঁস দিলো যুবক

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় ভারসাম্যহীন এইচএসসি শেষ বর্ষের ছাত্র মোহাম্মদ হোসেন (১৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৮টায় বড়গোপালদী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু মোহাম্মদ হোসেন ওই গ্রামের মোঃ বারেক পঞ্চায়েতের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন বিকালে বাবা ছেলে দশমিনা বাজারে যায় বাজার শেষে বাড়িতে গিয়ে ছেলেকে ঘরে রেখে বাবা বারেক পঞ্চায়েত এশারের নামাজ পরতে মসজিদে যায়। এর ফাঁকে দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ হোসেন ঘর থেকে দড়ি নিয়ে গাছে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মোহাম্মদ হোসেন এআরটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের বাবা বারেক পঞ্চায়েত জানান, দীর্ঘদিন ধরে আমার ছেলে মানসিক ভারসাম্যহীনতায় ভুগে আসছে কিন্তু তার চিকিৎসাও চলছে। এর আগে এরকম তিন তিন বার চেষ্টা করেও আত্মহত্যা বরতে পারেনি। আর তখন থেকেই মোহাম্মদকে একা রেখে কোথাও যাইনি আমরা।

এ বিষয়ে দশমিনা থানার ওসি (তদন্ত) ছালাম মোল্লা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।