ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি হাসিব, সাধারণ সম্পাদক জয়দেব

রূপালী ডেস্ক।।
প্রায় ৫ বছর পর ভোলা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। রাইহান আহমেদকে সভাপতি, হাসিব মাহমুদ হিমেলকে সাধারণ সম্পাদক এবং জয়দেব চন্দ্রকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট ভোলা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন । সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী এক বছরের জন্য এই কমিটি ভোলা জেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে বুধবার সন্ধ্যায় এই সংবাদ পাওয়ার পর জেলা শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। এসময় তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে স্লোগান দেয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ৯ মে সম্মেলনের মাধ্যমে ইব্রাহীম চৌধুরী পাপনকে সভাপতি এবং রিয়াজ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট ১ বছর মেয়াদী ভোলা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এর ৫ বছর পর ২০২০ সালের ১৩ নভেম্বর ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।