মির্জাগঞ্জে মহিলা মেম্বার প্রার্থীকে গণধর্ষণ, আটক ৩

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য মহিলা মেম্বার প্রার্থী (৪৫) গণধর্ষণের শিকার হয়েছে। উপজেলার মাধবখালী ইউনিয়নের ময়দা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রবিবার (১৭ জানুয়ারি) ভুক্তভোগী নারী মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সজীব সিকদার (২৬), রাজ্জাক সিকদার (৪০) ও জলিলুর রহমান (৩০) নামে তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানাযায়, ওই নারী আসন্ন ইউপি নির্বাচনে মাধবখালী ইউনিয়নের সংরক্ষিত ১,২ও ৩ ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী। শনিবার রাতে তার স্বামী বাড়ির পাশে রাস্তায় কাঠ কাটছিলো। স্বামীর জন্য পান নিয়ে যাওয়ার সময় তাকে একা পেয়ে আসামীরা সাথে থাকা মাফলার দ্বারা মুখ চেপে টেনে একই এলাকার চুন্ন ফকিরের বাড়ির পাশের ফাঁকা জায়গায় নিয়ে যায়। পরে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, মামলা রুজু করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে ও ভুক্তভোগীকে ডিএনএ পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করা হয়েছে।