মুলাদী পৌরসভা নির্বাচন শান্তি ও শৃংখলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে- পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী থানায় কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও আইন শৃংখলা বিষয়ে বিশেষ মত বিনিমিয় সভা ২০ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় থানা হল রুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম।

মুলাদী ও হিজলা থানার সহকারী পুলিশ সুপার মোঃ মতিউর রহমান-এর পরিচালনায় বক্তব্য রাখেন, এ্যাডিশনাল ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আবদুল বারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহম্মেদ মৃধা ও মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির প্যাদা।
আগামী ১৪ ফেব্রুয়ারী মুলাদী পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইন শৃংখলার কোন অবনতি না হয় সেজন্য মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী, সুধীজন ও সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, আইন শৃংখলা যাতে করে সুন্দর থাকে সেজন্য উপজেলাকে ১০টি বিটে ভাগ করা হয়েছে। মুলাদী পৌর সভাকে ৩টি বিটে ভাগ করা হয়েছে। শান্তি ও শৃংখলাপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ১৯/২০ করার কোন সুযোগ নেই। সকল প্রার্থীদের আচরণ সুন্দর হবে। আপনাদের সুন্দর আচরণের মাধ্যমেই নির্বাচনী পরিবেশ সুন্দর হয়ে উঠবে এটাই আশা করি। এক প্রার্থীর পক্ষ থেকে অন্য কোন প্রার্থীকে ভয়ভীতি দেখানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম-কে কমিউনিটি পুলিশিং, মুলাদী প্রেসক্লাব ও উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।