হিজলায় প্রধানমন্ত্রী উপহার পাচ্ছে গৃহহীন ও ভূমিহীন ৫১ পরিবার

মো. হারুন অর রশিদ, হিজলা।।
দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না এমন ঘোষণা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ২০২০ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, মুজিবর্ষে দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। সরকার সকল ভূমিহীন, গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ঘোষণা বাস্তবায়নে মাঠ প্রশাসনের কাছে নির্দেশনা পাঠানো হয়। সে অনুযায়ী শুরু হয় প্রতিটি অঞ্চলে গৃহহীনদের তালিকা তৈরির কাজ। তালিকা তৈরি শেষে শুরু হয় করে বাড়ি নির্মাণের কাজ। সেই লক্ষে যাদের জমিও নেই, ঘর নেই অথবা ঘর থাকলেও মাথা গোঁজার অবস্থা নেই দেশের এমন মানুষদের জমি ও থাকার জন্য ঘর দিচ্ছে সরকার। দেশব্যাপী সকল উপজেলায় গৃহহীণদের সহায়তার উদ্যোগে প্রথম পর্যায়ে প্রায় ৭০ হাজার ভূমিহীনকে এসব ঘর বিতরণ করা হবে। এর মধ্যে বরিশালের হিজলা উপজেলা রয়েছে ৫১ টি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভূমিহীন, গৃহহীনদের তালিকা তৈরি করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় ‘দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্প’, ভূমি মন্ত্রণালয়ের আওতায় ‘গুচ্ছগ্রাম প্রকল্প’ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘আশ্রয়ন প্রকল্প-২’ নামে তিনটি প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারের জন্য ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সেমিপাকা বাড়ি। প্রতিটি বাড়িতে থাকছে দুটি শোবার ঘর, একটা রান্নাঘর, একটা ইউটিলিটি রুম, একটি করে বারান্দা ও টয়লেট। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি ছাড়াও প্রতিটি ঘরে থাকবে ভূমিকম্পরোধক ব্যবস্থা।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানায়, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন, গৃহহীনদের মাঝে ঘর উপহার উদ্বোধন করবেন। আমাদের উপজেলায় ৫১ টি ঘর দেওয়া হবে, আমাদের সকল ঘর প্রস্তুত আছে।