ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হালিম উকিলের ইন্তেকাল

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলার উত্তর শিয়ালকাঠীর বাসিন্দা প্রবীণ সমাজসেবক আলহাজ্ব আব্দুল হালিম উকিল (৯৩) শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

প্রিয় শিক্ষাগুরুর মৃত্যুতে ভান্ডারিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, শুভানুধ্যায়ী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রথমে ঐতিহ্যবাহী ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক ছিলেন, পরে ভান্ডারিয়া সরকারি কলেজের ইংরেজী প্রভাষক হিসেবে যোগদান করেন এবং শিক্ষকতা জীবনের শেষ পর্যায়ে অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে অবসরে যান। তার জ্যেষ্ঠপুত্র ড.আব্দুল ওয়াদুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পুষ্টি বিজ্ঞানের অধ্যাপক, ফিকামলি তত্ত্বের জনক, ক্রীড়া সংগঠক এবং ওয়াইল্ড লাইফ বিশেষক। রবিবার বিকাল ৩ টায় ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের মরহুমের প্রতিষ্ঠিত খেয়াঘাট বাইতুল ফালাহ্ জামে মসজিদের পাশে কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, জেপির যুগ্ম আহবায়ক মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান খান এনায়েত করিম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ম.মহিউদ্দিন খান দিপু, বিএনপি নেতা ওয়াসিম মন্নান উৎপল সহ বিশিষ্ট জনরা।