‘আমাদের উপার্জন হালাল না হলে সকল আমল অগ্রহণযোগ্য’

রূপালী ডেস্ক॥
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বিপিএম-বার বলেছেন, আমাদের উপার্জন যদি হালাল না হয় তাহলে সকল আমল অগ্রহণযোগ্য। সরকারি সকল সুযোগ সুবিধায় সন্তুষ্টি নিয়ে নৈতিক শিক্ষা কাজে লাগিয়ে জনকল্যাণে কাজ করতে হবে।

সোমবার (২৫ জানুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল সেড এ বিএমপির মাসিক কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।

বিএমপি কমিশনার বলেন, কোন নেতিবাচক অঘটন যেন না ঘটে সে বিষয়ে খেয়াল রেখে জনগণের কাঙ্খিত আস্থার প্রতীক হিসেবে নিজেকে জনদরবারে তুলে ধরতে হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশকে লিডিং ইউনিট হিসেবে সেবা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে উজ্জীবিত হয়ে কাজ করায় সাধুবাদ তথা শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, কল্যাণ সভায় আমরা নিজেদের ও জনগণের কল্যাণ নিয়ে আলোচনা করে থাকি।

রাষ্ট্রীয় সুরক্ষায় আমাদের নির্ভেজাল আত্মত্যাগে অর্জনগুলো অগ্রহণযোগ্য করতে একটা স্বার্থপর মহল অহেতুক দাগ লাগাতে চায় উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ভাবাদর্শ দৃষ্টি সম্পন্ন এক বিশেষ শ্রেণীর সংঘবদ্ধ অপপ্রচারে হতাশ হওয়ার কারণ নেই, অন্তর আত্মায় সৎ থেকে নিজেকে জাগ্রত রেখে, পজিটিভ মানসিকতা নিয়ে বলিষ্ঠ ভূমিকায় তা মোকাবেলা করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বিট অফিসারদের বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে গুরুত্ব আরোপ করে বলেন, ভালো কাজ করতে গেলে অনেক চ্যালেঞ্জ আসে, নানাবিধ সমস্যা মোকাবিলা করতে হয়। সেই মানসিকতায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। করোনা আমাদের থামিয়ে দিতে এলেও আমরা স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে করোনাকে প্রতিরোধ করবো।

কল্যাণ সভায় ৩৪ বিসিএস ক্যাডারের সহকারী পুলিশ কমিশনার ইসরাত জাহান এর অসুস্থতাজনিত শারীরিক জটিলতায় অকাল মৃত্যুতে, শোক বার্তায় এক মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভা শেষে ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্টে এ বিজয়ী ও বিজিত দলকে বিশেষ পুরষ্কার বিতরণ এবং অবসর জনিত বিদায় গ্রহণকারী সদস্যদের বিদায় সংবর্ধনা জানানো হয়।

সহকারী পুলিশ কমিশনার ফোর্স এন্ড কাউনিয়া থানা মোঃ মাসুদ রানা’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সদর-দপ্তর (অতিরিক্ত ডিআইজি) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম -সেবা, উপ -পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম , উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা মোঃ মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।