পাথরঘাটায় গোলাগুলির ঘটনায় সাংবাদিক-পুলিশসহ অর্ধশতাধিক আহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।
আসন্ন পাথরঘাটা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের সমর্থকদের হামলায় সাংবাদিক ও পুলিশসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। সহকারী পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার সময় পাথরঘাটা থানার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন, ওসি তদন্ত সাঈদ আহমেদ, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ ও পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদ ও দৈনিক আমাদের সময় এর পাথরঘাটা প্রতিনিধি রাকিব বিন ত্বোহা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আপর আহতদের নাম জানা যায়নি।

জানাগেছে, পুলিশ পাহাড়ায় স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল তার সমর্থকদের নিয়ে পাথরঘাটা পৌর শহরে মিছিল নিয়ে বের হলে নৌকার সমর্থকরা বাধা দেয়। এর কিছুক্ষন পরে নারিকেল মার্কার মিছিল নিয়ে তালতলা একলা থেকে প্রায় ৫শতাধীক মহিলা ও পুরুষ দেশীয় অস্ত্র রামদা, রড, জিআর পাইপ ও লাঠিসোটা নিয়ে পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড ফাকাগুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আবুল ফাতাহ জানান, ওসি শাহাবুদ্দিনের অবস্থা গুরুতর তাকে। অবজারভেশনে রাখা হয়েছে। প্রয়োজন হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে।

সহকারী পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহমেদ সরকার জানান, দুজন সাংবাদিক ও প্রায় ২০জন পুলিশসহ শতাধীক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। পুলিশ শক্ত অবস্থানে থাকার কারনে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। পৌরশহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।