পাথরঘাটা পৌরসভা নির্বাচনে বহিরাগত নেতাকর্মীদের প্রবেশের অভিযোগ

গোলাম কিবরিয়া, পাথরঘাটা।।
বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে সকাল আটটা থেকে শৃঙ্খলা ভাবে ভোটগ্রহণ হয়। তবে সকাল সাড়ে নয়টার পরে ছাত্রলীগ-যু্বলীগের বহিরাগত নেতাকর্মীরা পৌরসভায় প্রবেশ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল অভিযোগ করে বলেন, অনেক কেন্দ্রেই ইতিমধ্যে আমার এজেন্ট বের করে দিয়েছে ভোট কেন্দ্র থেকে। চার নাম্বার ওয়ার্ডের এজেন্ট তালিকা ছিড়ে ফেলে ভোট কেন্দ্র থেকে এজেন্টকে ঘাড় ধরে বের করে দিয়েছে নৌকার সমর্থকরা। ৭,৮,৯ নম্বর ভোটকেন্দ্রে কোন এজেন্ট দিতে দেয়নি তারা।

এছাড়াও দেখা গেছে বামনা যুবলীগ সভাপতি সরোয়ার, ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার গোলদার, সাধারণ সম্পাদক জনী ও ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মীদের নিয়ে প্রবেশ করেছে বিভিন্ন ভোটকেন্দ্রে। বহিরাগতরা ভোটকেন্দ্র এলাকায় প্রবেশ করায় ভোটাররা লাইন থেকে বেরিয়ে যাচ্ছেন।

চার নাম্বার ওয়ার্ডের সাধারণ ভোটার আব্দুল বারেক অভিযোগ করে বলেন, আমি ভোট দিতে গিয়েছিলাম। অনেক পোলাপান ভোটকেন্দ্রের সামনে আমাকে দেখে বলে নৌকায় ভোট না দিলে হাত পা গুড়িয়ে দেব। তাই আমি ভোট না দিয়ে আমার জীবন রক্ষার জন্য ভোট কেন্দ্র থেকে পালিয়ে এসেছি।

এ বিষয়ে বামনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা পাথরঘাটা পৌরসভা নির্বাচন দেখতে এসেছি। আমার সাথে যুবলীগ সভাপতি, ছাত্রলীগ সভাপতি ও ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের চেয়ারম্যানও রয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি শাহাবুদ্দিন বলেন, পৌর এলাকায় আমাদের ছয়টি চেকপোস্ট রয়েছে, তারা কিভাবে প্রবেশ করেছে আমি বলতে পারি না।

বহিরাগত নেতাকর্মীদের প্রবেশে বিষয় পাথরঘাটা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সাবরিনা সুলতানা বলেন, বহিরাগত কোন লোক পৌর এলাকায় ঢুকতে পারবে না। সে বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া আছে এবং চেকপোস্ট বসানো হয়েছে।