১০ বছর মায়ের মরদেহ ফ্রিজারে লুকিয়ে রেখেছিলেন মেয়ে?

আন্তর্জাতিক ডেস্ক।।
জাপানের এক ফ্ল্যাটবাড়ির ফ্রিজারের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃত নারীর মেয়েকে গ্রেফতার করা হয়েছে। তিনি দাবি করেছেন, ১০ বছর আগে তার মা মারা যাওয়ার পর ফ্রিজারে মরদেহ লুকিয়ে রাখেন।

আটক নারীর নাম ইউমি ইওশিমো। বয়স ৪৮ বছর। পুলিশকে ইউমি বলেছেন, টোকিওতে যে ফ্ল্যাটে তারা মা মেয়ে একসাথে থাকতেন, তিনি “সেই ফ্ল্যাট ছাড়তে চাননি”। সে কারণেই তিনি মায়ের মৃতদেহ লুকিয়ে রাখেন। কারণ, মিউনিসিপ্যাল হাউজিং কমপ্লেক্স ইউনিটের ইজারাপত্রে তার মায়েরই স্বাক্ষর ছিল।

পুলিশ জানিয়েছে ওই নারীর মৃতদেহ বেঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল। টোকিওর কাছে চিবা শহরের এক হোটেল থেকে ইওশিমোকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। মৃত নারীর শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। তবে তিনি কখন এবং কীভাবে মারা গেছেন, কর্তৃপক্ষ এখনও সেটা নিশ্চিত করতে পারেনি।

ইওশিমোর বাসা ভাড়ার অর্থ বকেয়া থাকায় তাকে ওই ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। এরপর ওই বাসা পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্নকর্মীকে সেখানে পাঠানো হয়েছিল, সেই ফ্রিজারের ভেতর ওই লাশ খুঁজে পেয়েছে বলে খবরে জানানো হয়।