রাজধানীতে ফের ধর্ষণের পর শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক।।
রাজধানীর মোহাম্মদপুরে ফের ধর্ষণের পর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা করেছেন তার বাবা। রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ।

ওসি আবদুল লতিফ বলেন, গত (২৯ জানুয়ারি) এক যুবক সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে রেস্তোরাঁরার ওয়াশরুমে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। পরবর্তীকালে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুর থানা এলাকায় যুবকের পরিচিত একটি বাসাতে নিয়ে আসে। পরে ভিকটিমের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকলে তাকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ রবিবার সকালে তরুনীটি মারা যায়।

ওসি আবদুল লতিফ আরও বলেন, ভিকটিম তরুণীর বাবা অভিযোগ করছেন, অসুস্থ মেয়েকে ওই বাসায় নিয়ে গিয়ে আবারো ধর্ষণ করা হয়। তখন বেশি অসুস্থ হয়ে গেলে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে এই থানা পুলিশের এসআই নাজমুল বলেন, এ ঘটনায় মেয়ের বাবা থানাতে এসে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। সেই মামলায় এখন পর্যন্ত অভিযুক্ত যুবকসহ আরও দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে আপাতত এরচেয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে মর্গে রাখা আছে।