কলাপাড়ায় ট্রাক্টরের চাপায় শ্রমিক নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা লালুয়া ইউনিয়নে মেরাউপাড়া গ্রামের বালুবোঝাই ট্রাক্টরের চাপায় এক জাহাজশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মেরাউপাড়া গ্রামের এক নম্বর জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন এক মোটরসাইকেলচালক।

নিহত ওই শ্রমিকের নাম মো. জাহাঙ্গীর হোসেন (৫০)। তাঁর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর গ্রামে। আহত মোটরসাইকেলচালক আরিফ হাওলাদার (২৫)। তিনি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন একটি বালুর জাহাজে শ্রমিক হিসেবে কাজ করেন। জাহাজটি লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামের এক নম্বর জেটিঘাটে নোঙর করে জাহাঙ্গীর পাশের বানাতিবাজারে যান। বাজার করে ফেরার সময় তাঁকে বহন করা মোটরসাইকেলটিকে বালুবোঝাই ছয় চাকার একটি ট্রাক্টর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন মারা যান। আর আহত মোটরসাইকেলচালককে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত স্বীদ্ধান্ত হয়নি এজন্য লাশ মর্গে পাঠানো হয়নি।