বাবর-ফুয়াদের ব্যাটে পাকিস্তানের স্বস্তি

স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টে বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করতে নেমে বৃষ্টির আগ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। ব্যাট হাতে অপরাজিত আছেন অধিনায়ক বাবর আজম ও ফুয়াদ আলম।

সকালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মধ্যে পড়ে স্বাগতিক পাকিস্তান। ২২ রানের মধ্যে দলটি হারায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। দলীয় ২১ রানে সাজঘরে ফেরেন ওপেনার ইমরান বাট। মাহারাজের বলে ডি ককের হাতে ক্যাচ দেন ৩৬ বলে ১৫ রান করা বাট।

দলীয় স্কোরে রান যোগ না হতে এবার বিদায় ওয়ান ডাউনে নামা আজহার আলী। তিনিও মাহারাজের শিকার। ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি আজহার। হয়ে যান এলবিডব্লিউ।

বিপর্যয়ের মধ্যে দলীয় ২২ রানে বিদায় নেন ওপেনার আবিদ আলী। তিনি নরজের শিকার। ক্যাচ দেন মারক্রামের হাতে। ক্রিজে টিকে থাকতে অবশ্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। ৪৩ বলে তার সংগ্রহ ৬ রান।

টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের বিদায়ের পর পাকিস্তানের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও ফুয়াদ আলম। চতুর্থ উইকেটে এই জুটি দলকে নিয়ে যান নিরাপদে অবস্থানে। পাকিস্তানের স্কোর তখন ৩ উইকেটে ১৪৫ রান। তখন শুরু হয় বৃষ্টি। বৃষ্টি বিঘ্নিত অবস্থায় শেষ হয় দিনের খেলা।

দুই টেস্ট ম্যাচ সিরিজে পাকিস্তান এগিয়ে আছে ১-০ ব্যবধানে। করাচিতে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।