কাজিরহাটের বিদ্যানন্দনপুরে কাদের মাস্টারের ঘরে চুরি

রূপালী বার্তা।।
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ৬ নং বিদ্যানন্দনপুর ইউনিয়নের ছোট চরখাজুরিয়া গ্রামের মৃত আবদুল কাদের মাস্টারের ঘরে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) রাতে এ চুরির ঘটনা ঘটে। এসময় ঘর থেকে প্রায় একলাখ টাকার মালামাল নিয়ে যায়।

কাদের মাস্টারের ছোট ছেলে ও অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তার নির্বাহী সম্পাদক মো. সাইফউদ্দিন মিলন বলেন, আমি এবং আমার অন্য ভাইয়েরা চাকরি ও ব্যবসার সুবাদে কেউ বাড়িতে থাকি না, শুধু মা থাকেন। মা বোনের বাসায় গিয়েছিলেন, শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) সকালে এসে দেখেন যে জানালা ভাঙ্গা। এরপর আশপাশের লোকজনকে ডেকে আনেন। তারা এসে দেখেন ঘর থেকে মালামাল নিয়ে গেছে।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১০ টার পর শুক্রবার ভোর ৫ টা পর্যন্ত, এর কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। প্রথমে তারা জানালা ভেঙ্গে বারান্দায় প্রবেশ করে। এরপর ঘরের ডান পাশে সিদ কেটে মুল ঘরে প্রবেশ করে। চোরেরা জরুরী কাগজপত্র, জমির দলিল ও দামী মালামাল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। এ ঘটনায় কাজীরহাট থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

কাজীরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, চুরির বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

প্রসঙ্গত, ২০১৮ সালের জুন মাসে একটি পারিবারিক অনুষ্ঠানে ঘরের সবাই বেড়াতে গেলে কাদের মাষ্টারের বাড়িতে চুরি হয়। তখনও স্বর্ণালঙ্কারসহ অনেক টাকার মালামাল নিয়ে যায় চোর।