মির্জাগঞ্জে প্রভাষক মুজাহিদের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলিম মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আব্দুল মান্নান মুজাহিদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মির্জাগঞ্জ উপজেলা ও উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর উদ্যোগে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হাজারো জনতার উপস্তিতে এ মানববন্ধন ও সমাবেশ হয়।

এ সময় বক্তব্য রাখেন- মির্জাগঞ্জ উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি মাওলানা নাজমুল হুদা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু সালে খাইরুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক সাঈদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সত্তার মাহমুদী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলিম মাদ্রাসার সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেডের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুল মান্নান লোটাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ওবায়দুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, মুজাহিদি ছিলেন মানুষ গড়ার কারিগর। তার উপরে যারা হামলা চালিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। একজন শিক্ষকের ওপর এরকমের নিশংস হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, প্রভাষক আঃ মান্নান মুজাহিদী বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারী) সকাল ৯ টায় নিজ বাড়ির কাচারির সামনে বিরোধীয় জমিতে খর কুটা রাখা নিয়ে প্রতিপক্ষের অতর্কিত ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় মরহুমের বড় ছেলে বাদী হয়ে ১২ জন কে আসামী করে ঐ দিন থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।