ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক।।
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আহতকে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিক শিবচরের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনের গুপ্তেরচরকান্দি এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আমির ভাঙ্গি (২২) নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আয়নাল ভাঙ্গি (৪৫) ও আরেক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত আয়নাল ভাঙ্গিকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আমির ভাঙ্গি ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের সামচু ভাঙ্গির ছেলে ও আয়নাল ভাঙ্গি একই এলাকার খালেক ভাঙ্গির ছেলে বলে পুলিশ জানায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাইওয়ে থানার ওসি সোরহাব হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।