কলাপাড়া পৌরসভা: নাগরিক সুবিধা প্রদানে সক্ষম প্রার্থীকে নির্বাচিত করবে ভোটাররা

এইচ,এম, হুমায়ুন কবির কলাপাড়া (পটুয়াখালী)।।
চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচন। প্রতীক বরাদ্ধের পর থেকেই সকাল থেকে গভীর রাত অবধি প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন মেয়র, কাউন্সিলর প্রার্থীরা। পোষ্টার, ফেষ্টুন, ব্যানার, লিফলেট ও স্টিকারে ছেয়ে গেছে পৌর শহরের অলিগলি, পাড়া-মহল্লা। উচ্চ শব্দের মাইকিং এ প্রার্থীদের পক্ষে চলছে নানা গুনকীর্তনে প্রচারনা। চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ধারাবাহিক উঠান বৈঠক। দেয়া হচ্ছে নানা উন্নয়ন প্রতিশ্রুতি। নাগরিক সমস্যা সমাধানের অঙ্গীকার করে বাড়ী বাড়ী গিয়ে করছে ভোটের প্রত্যাশা।

কলাপাড়া পৌরসভার এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করছেন মেয়র পদে ৪ জন, ৯টি ওয়ার্ডের ৩৯জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন প্রার্থী। নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, ধানেরশীষ প্রতীকে কলাপাড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক মেয়র হাজী হুমায়ুন সিকদার, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. সেলিম মিয়া এবং জগ প্রতীক নিয়ে কলাপাড়া পৌর আওয়ামীলীগের সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন। এছাড়াও কাউন্সিলর পদে বেশীর ভাগ ওয়ার্ডেই রয়েছে একাধিক প্রার্থী।

নির্বানীয় মাঠে হঠাৎ করেই শহরে বেড়েছে বহিরাগতদের অচেনা আনাগোনা। এতে সাধারন ভোটারদের মাঝে কিছুটা শংকা তৈরি হলেও ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হওয়ায় তারা অনেকটা উদ্বেলিত। তবে ভোটের দিন কেন্দ্রের গোপন বুথে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমন নিশ্চয়তা চান তারা।

পৌর শহরের ৯নং ওয়ার্ডের ভোটার তানজিনা সুলতানা বলেন, উন্নয়নের ফুলঝুড়িতে নয়, যিনি নাগরিকের সেবা নিশ্চিত করতে পারবেন, একটি পরিচ্ছন্ন নগরী গড়তে পারবেন তেমন মেয়র প্রার্থী বেছে নেবেন তারা।

আরেক ভোটার আরিফ বলেন, বর্ষায় জলাবদ্ধতা দূরীকরনে ড্রেনেজ সিষ্টেমের উন্নয়ন, শহর ময়লা আবর্জনা মুক্ত, মশার উপদ্র লাঘব, নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ, সড়ক জনজট মুক্তসহ ফুটপাত করতে পারবেন হাটা-চলার উপযোগী তাকেই মেয়র হিসাবে দেখতে চান তিনি।

কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ বলেন, কলাপাড়ায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। অবাধ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য সতর্ক অবস্থানে রয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। আচরন বিধি লংঘন রোধে ভ্রাম্যমান আদালত মাঠে রয়েছে।

উল্লেখ্য, কলাপাড়া পৌরসভা যাত্রা শুরু হয় ১লা মার্চ ১৯৯৭সালে। ৯টি ওর্য়াড নিয়ে গঠিত পৌরসভার আয়তন ৩,৭৫ বর্গ কিলোমিটার। গ্রাম রয়েছে ২৯টি। বর্তমান জনসংখ্যা ১৯৭৮২.০০জন। কলাপাড়া পৌরসভায় মোট ভোটার রয়েছে ১২,৮৯১ জন। এর মধ্যে মহিলা ৬৫৫৭ জন ও পুরুষ ভোটার রয়েছে ৬৩৩৪ জন। ৯ সেপ্টেম্বর ২০১৫সালে পৌরসভাটি প্রথম শ্রেণিতে মর্যাদা লাভ করে। এরপর থেকেই দীর্ঘ সময় পৌরসভার কার্যক্রম চলে আসছিল নির্বাচিত মেয়র দিয়ে। বর্তমানে ৩,৭৫বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ১২,৮৯১ জন ভোটার নিয়ে হতে যাছে নির্বাচন।