কলাপাড়ায় যুবলীগের দুই নেতাকে বহিস্কার

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষ কাজ করায় যুবলীগের দুই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) যুবলীগ পটুয়াখালী জেলা শাখা ও মহিপুর থানা শাখা পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছে।

যুবলীগ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক আলহাজ্জ এ্যাড. মো. আরিফুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. মহীদুল ইসলাম শহীদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কর্তৃক কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিপুল চন্দ্র হাওলাদারকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়। কিন্তু বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি, কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য আসলাম হাওলাদার সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর দিদার উদ্দিন আহম্মেদ মাসুমের পক্ষে কাজ করে যাচ্ছে। এ কারনে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক আসলাম হাওলাদারকে বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে।

অপরদিকে আওয়ামী যুবলীগ মহিপুর থানা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান আকন ও যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, যুবলীগ মহিপুর থানা শাখার সদস্য মো. ফারুক হাওলাদার সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে কলাপাড়া উপজেলা ও পটুয়াখালী জেলা যুবলীগের সুপারিশ মোতাবেক মো. ফারুক হাওলাদারকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহিপুর থানা শাখার সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।